আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান-৩০০ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরীর পরিবর্তে জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়ার দাবিতে বান্দরবানের আলীকদম উপজেলায় পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে আলীকদম উপজেলা বিএনপির আয়োজনে আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে পদযাত্রাটি শুরু হয়। পরে এটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলীকদম বাজারে গিয়ে সমবেত হয়।
পদযাত্রায় বিএনপির নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে জেলা সদস্য সচিব মো. জাবেদ রেজার সমর্থনে অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে আলীকদম বাজারে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়, যেখানে দলীয় নেতারা মনোনয়ন পরিবর্তনের দাবি তুলে ধরেন।















