বান্দরবানের আলীকদম উপজেলায় সাপ্তাহিক গরু বাজার চলাকালে একটি সেমিপাকা টিনসেড মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কয়েকটি দোকান ও একটি বসতঘরের মালামাল পুড়ে গিয়ে আনুমানিক সাত লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) দুপুর আনুমানিক ১২টা থেকে ১২টা ৩৫ মিনিটের মধ্যে আলীকদম থানাধীন ১নং সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ আলীকদম গরু বাজার সংলগ্ন রফিক চৌধুরীর মালিকানাধীন সেমিপাকা টিনসেড মার্কেটে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। সাপ্তাহিক গরু বাজার উপলক্ষে এলাকায় ব্যাপক লোকসমাগম থাকায় মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আগুন দ্রুত আশপাশের কয়েকটি দোকান ও বসতঘরে ছড়িয়ে যায়।
খবর পেয়ে আলীকদম ফায়ার সার্ভিসের একটি ইউনিট, আলীকদম সেনাজোনের সদস্যরা ও থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।



প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত থেকে আগুন নেভাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন যুব রেড ক্রিসেন্ট আলীকদম ইউনিটের দলনেতা মেহেদী হাসান রানা।
ফায়ার সার্ভিস ও সেনাজোনের প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, সৌর প্যানেলের ব্যাটারী থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন
চিউও মার্মা (পিতা: নোং চাহ্লা) এর দোকানে থাকা প্রায় ২০০ বস্তা সিমেন্ট পুড়ে আনুমানিক এক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।
আনোয়ার জিহাদ চৌধুরী (পিতা: রফিক আহমদ চৌধুরী, সাং: আনোয়ার হোসেন পাড়া) এর দোকানের একটি টিভি, সোফাসেট ও আলমিরা পুড়ে প্রায় এক লক্ষ টাকার ক্ষতি হয়।
রতন পাল (সাং: আনোয়ার হোসেন পাড়া) এর খালি দোকানের কিছু মালামাল পুড়ে যায়।
রুপন কান্তি জুয়েল (পিতা: মৃত ননী কান্তি, সাং: আনোয়ার হোসেন পাড়া) এর বসতঘরের মালামাল ও স্বর্ণালংকার পুড়ে আনুমানিক পাঁচ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।
সব মিলিয়ে অগ্নিকাণ্ডে মোট প্রায় সাত লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।















