দেশের অন্যান্য জেলার মতো বান্দরবানেও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন নবাগত পুলিশ সুপার মো. আবদুর রহমান।
সোমবার (১ ডিসেম্বর) সকালে পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে প্রথম মতবিনিময় সভায় তিনি এ বক্তব্য দেন।
পুলিশ সুপার বলেন, এ অঞ্চলের ভোটাররা যেন নির্ভয়ে, নির্বিঘ্নে এবং উৎসবের আবহে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতা ও নজরদারি বজায় রেখেছে। নির্বাচনী এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন, টহল জোরদার এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, বান্দরবানের শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে পুলিশ প্রশাসন ভবিষ্যতেও সকলের জন্য কাজ করে যাবে।
সভায় তিনি সাংবাদিকদের আহ্বান জানান, পুলিশকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার পাশাপাশি বান্দরবানের উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় একসাথে কাজ করার জন্য।
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরদার, জিনিয়া চাকমা, মান্না দে, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকিরসহ সাংবাদিক ও পুলিশের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
















hello